চাকরিতে কাটমানি রুখতে রাজ্য সরকারের হেল্পলাইন চালু, জানুন কোন নম্বরে ফোন করবেন?


রাজ্যে দুর্নীতি দমন এবং অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক নজরদারি আরও শক্ত করতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। চাকরিতে কাটমানি রুখতে রাজ্য সরকারের হেল্পলাইন চালু হল। সরকারি চাকরির ক্ষেত্রে যত বড় অফিসারই হোক না কেন, যদি ঘুষ বা কাটমানি নেন, তবে একটি ফোনেই তৎক্ষণাৎ দুর্নীতির দফারফা করা যাবে। গত ২৮ জুলাই ভবানী ভবনে আয়োজিত পুলিশ প্রশাসনের এক বিশেষ সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি জানান, “দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে”। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শীঘ্রই রাজ্য ও কলকাতা পুলিশে স্বচ্ছভাবে ১ লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতিও করেছেন।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সরকারি চাকরিসহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতি বন্ধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে কেবল মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতিও রাজ্য একাধিকবার দিয়েছে। এবার দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ চারটি হেল্পলাইন নম্বর চালু করলেন। এই নম্বরগুলি মারফত চাকরিতে কাটমানি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জানানো এবং তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে। এই নম্বরগুলিতে সপ্তাহের ৭ দিন দিন-রাত (২৪/৭) পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

কাটমানি প্রতিরোধে হেল্পলাইন

সরকারি চাকরি বা কোনো পরিষেবা পেতে বা বাড়ি তৈরির অনুমতি নিতে, কিংবা কোনো উন্নয়নমূলক প্রকল্পের কাজ পেতে যদি কোনো অসাধু ব্যক্তি বা আধিকারিক ঘুষ অথবা ‘কাটমানি’ দাবি করেন, তবে অবিলম্বে ১৫৫৩৩৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এই নম্বরে আসা প্রতিটি কল গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিন্ডিকেট রাজ খতম করতে হেল্পলাইন

বালি, পাথর, সিমেন্ট সরবরাহ থেকে শুরু করে আবাসন শিল্পে সিন্ডিকেটের জোরজুলুমের অভিযোগ দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার বিষয়। ইমারতি জিনিসপত্র চড়া দামে কিনতে বাধ্য করা কিংবা নির্মাণকাজে বাধা সৃষ্টি করার ঘটনা ঘটলে সাধারণ নাগরিক বা ব্যবসায়ীরা সরাসরি ১৫৫৩৩৫ নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারবেন।

বেআইনি রোড ট্যাক্স ও টোল আদায় বন্ধে হেল্পলাইন

রাজ্যের বিভিন্ন রাজ্য সড়ক বা জাতীয় সড়কে বেআইনিভাবে বাঁশ ফেলে বা বুথ বসিয়ে তোলা আদায়, লরি ও পণ্যবাহী গাড়ি থেকে বেআইনি ট্যাক্স আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই ধরনের বেআইনি টোল আদায়ের মুখোমুখি হলে ড্রাইভার বা পথচারীরা সঙ্গে সঙ্গে ১৫৫৩৩৭ নম্বরে কল করতে পারেন।

বেআইনি ও অবৈধ মদ বিক্রি বন্ধে হেল্পলাইন

যে কোনো পাড়ায় বা এলাকায় বেআইনি চোলাই মদ প্রস্তুত ও বিক্রি চক্রের হাত থেকে সাধারণ মানুষের জীবন বাঁচাতে এবং পাড়ায় পাড়ায় বেআইনি মদের ঠেক ভাঙতে ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে । তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে এখানে অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’, কারা সুবিধা পাবেন?

কীভাবে কাজ করবে এই কন্ট্রোল রুম?

নবান্নে এবং পুলিশ সদর দফতরে এক বিশেষ সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যেখানে প্রশিক্ষিত কর্মীরা ২৪/৭ কল গ্রহণ করবেন। কিভাবে এই ব্যবস্থা কাজ করবে তা নীচে সহজে বুঝে নিন।

  • ফোন এলে অভিযোগকারীর কথা শুনে ঘটনার বিবরণ, স্থান ও সময় ডিজিটাল ডেটাবেসে নথিভুক্ত করা হবে।
  • কন্ট্রোল রুম থেকে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় থানা বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে ডিজিটাল তথ্য পৌঁছে যাবে।
  • ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগের অগ্রগতি মনিটর করা হবে।

ভুয়া অভিযোগ রুখতে কড়া হুঁশিয়ারি

সাধারণ মানুষকে সুবিধার্থে হেল্পলাইন চালু করা হলেও এই পরিষেবার অপব্যবহার রুখতে সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতা চরিতার্থ করতে কিংবা কাউকে মিথ্যা মামলায় ফাঁসাতে যদি কেউ ভুয়ো খবর বা মিথ্যে অভিযোগ জানান, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সঠিক তথ্য দিয়ে সাধারণ নাগরিক প্রশাসনকে সাহায্য করুন। কিন্তু ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিলে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।

রাজ্য পুলিশে ১ লক্ষ নিয়োগ: আশ্বাস মুখ্যমন্ত্রীর

অপরাধ দমনে যেমন কড়া অবস্থান বজায় রাখা হচ্ছে, তেমনই পুলিশ বাহিনীর প্রশাসনিক পরিকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ভবানী ভবনের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শীঘ্রই রাজ্য পুলিশে আনুমানিক ১ লক্ষ শূন্যপদে নতুন নিয়োগ করা হবে। সেই সাথে তিনি জানান পুলিশ কর্মীদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক দাবিদাওয়া মেটানোর প্রতিও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *