অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে মোট ৩৮ শতাংশ ডিএ, বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ দফতরের


অবশেষে অপেক্ষা অবসান হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। গত ২২ শে জুন রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। এবার সেই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে মোট ৩৮ শতাংশ ডিএ। যার সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত কর্মরত ব্যক্তি এবং পেনশনভোগীরা। পাশাপাশি, ১ অক্টোবর থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক হারেও ১১০ টাকা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের ডিএ যেখানে ৬০ শতাংশ ছুই ছুই, এখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কয়েকবার ডিএ বৃদ্ধির পরেও মাত্র ১৮ শতাংশই পেতেন। এই বেতন বৈষম্যে কার্যতই ক্ষোভের সৃষ্টি হচ্ছিল তাদের মনে। অবশেষে রাজ্যের নতুন সরকার আসার পর ২২ জুনের বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে। ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে মোট ৩৮ শতাংশে গিয়ে দাঁড়ায়। ১ অক্টোবর ২০২৬ থেকেই তা কার্যকর হবার কথা ছিল। এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তর তাতে সিলমোহর দিয়ে দিল। জানানো হয়েছে, মূল বেতনের পাশাপাশি কোনো এনপিএ (NPA – Non-Practicing Allowance) যুক্ত থাকলে তার উপরও এটি প্রযোজ্য হবে। তবে অন্য কোনো ভাতা বা পে এর সাথে যুক্ত হবে না।

কারা কারা এই সুবিধার আওতায় আসছেন?

অর্থ দফতরের এই নির্দেশিকা রাজ্য সরকারি সমস্ত দপ্তর ছাড়াও একাধিক স্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছেন:

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত দপ্তরের স্থায়ী ও ফুলটাইম কর্মী।
  • সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী। (Teaching & Non-Teaching Staff)।
  • বিভিন্ন স্ট্যাটিউটরি বডি ও সরকারি উদ্যোগ/সংস্থার কর্মীবৃন্দ।
  • পঞ্চায়েত ব্যবস্থা ও তার অধীনে থাকা পঞ্চায়েত কর্মীবৃন্দ।
  • সমস্ত মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন ও স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থার কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ ৪২ হাজার প্যারা টিচারদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি হল

৫ম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য বিশেষ ছাড়

যারা এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন বা পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ডিএ ও ডিআর একলাফে ১৭১% থেকে বাড়িয়ে ২২৩% করার ঘোষণা করা হয়েছে। এই নিয়মও ১ অক্টোবর ২০২৬ থেকেই বলবৎ হবে।

দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি

যেসব চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিক কর্মী কোনো সংবিধিবদ্ধ আইন বা ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না, তাদের দৈনিক মজুরি বা ভাতা আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে একলপ্তে ১১০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিভাবে দেওয়া হবে এই ডিএ?

অর্থ দফতর স্পষ্ট জানিয়েছে, স্বশাসিত সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে আলাদা করে পুনরায় অনুমোদনের প্রয়োজন নেই। নিজ নিজ প্রশাসনিক দপ্তর সরাসরি এই ৩৮% হারে ডিএ মঞ্জুর করতে পারবে।

পেনশনভোগীদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (A&E), পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ট্রেজারিগুলির মাধ্যমে দ্রুত এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, স্বশাসিত সংস্থা ও পাবলিক আন্ডারটেকিংসগুলির ক্ষেত্রে এই বাড়তি ভাতার খরচ তাদের নিজেদের তহবিল থেকেই বহন করতে হবে, এর জন্য আলাদা কোনো বাজেট অর্থ দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *