প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা শুরু, কারা সুবিধা পাবেন আর কারা নয়, জানুন সরকারি ঘোষণা

এবার পশ্চিমবঙ্গেও চালু হলো ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা।’ যোগ্য প্রার্থীদের নামের তালিকা তৈরি করতে ফিল্ড লেভেলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা শুরু করল রাজ্য সরকার। যারা যারা ঘর পাবার যোগ্য তাদের ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্পে। কড়া নির্দেশ, আগামী ২৫ শে জুনের মধ্যে সমীক্ষার সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। তারপরেই যোগ্য অযোগ্যদের নাম আলাদা করে সুবিধা প্রদান শুরু হবে। কারা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা? আর কারা পাবেন না? তা ইতিমধ্যেই স্পষ্ট করেছে সরকার।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি যৌথ আবাসন প্রকল্প (৬০:৪০ আর্থিক অনুপাত)। যার মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ এলাকার গৃহহীন অথবা কাঁচা ও ভগ্নপ্রায় বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকে পাকা ঘর তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করা। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা চালু ছিল না, পরিবর্তে রাজ্যবাসীর জন্য’বাংলার বাড়ি’ প্রকল্প চালু ছিল। কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার আনুষ্ঠানিকভাবে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার’ কাজ শুরু হল।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের (PMAY-G) নিয়ম অনুযায়ী, একটি পাকা বাড়ি (নূন্যতম ২৫ বর্গমিটার) তৈরির জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা (সমতল এলাকায়) থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা (পাহাড়ি এলাকায়) পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত তিনটি কিস্তিতে সরাসরি উপভোক্তার রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্টে (DBT-র মাধ্যমে) পাঠানো হয়:

  • প্রথম কিস্তি: কাজ শুরু করার জন্য ৪৫ হাজার টাকা প্রথমে দেওয়া হয়।
  • দ্বিতীয় কিস্তি: ঘর তৈরির কাজ শুরু হয়ে জানলা ও লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পন্ন করার পর আরও ৪৫ হাজার টাকা পাওয়া যায়।
  • তৃতীয় কিস্তি: ছাদ ঢালাই ও সম্পূর্ণ ফিনিশিংয়ের পর বাকি ৩০ হাজার টাকা পাওয়া যায়।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা অগ্রাধিকার পাবেন?

নতুন সরকারি নির্দেশিকা এবং সমীক্ষার নিয়ম অনুযায়ী, আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরিবারকে প্রথম সারিতে বা অগ্রাধিকারের তালিকায় রাখা হবে। যেমন,

  • গৃহহীন পরিবার।
  • অস্থায়ী বা কাঁচা বাড়ির বাসিন্দা।
  • যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এবং পরিবারটি মূলত কোনো মহিলার উপার্জনে চলে।
  • পরিবারে যদি কোনো শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী সদস্য থাকেন।
  • যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো কর্মক্ষম বা প্রাপ্তবয়স্ক সদস্য নেই।
  • যে সমস্ত পরিবারের আয়ের প্রধান উৎস হলো শারীরিক কায়িক শ্রম বা দিনমজুরি এবং যাদের নিজস্ব কোনো কৃষিজমি নেই।
  • তফসিলি জাতি ও উপজাতি (SC/ST)।

কারা এই প্রকল্প থেকে বাদ পড়বেন?

আবাস যোজনার সমীক্ষায় আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু পরিবারকে সুবিধাভোগীদের তালিকা থেকে বাইরে রাখা হয়েছে। নিম্নলিখিত শর্তগুলি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তারা এই সুবিধা পাবেন না। যেমন,

  • আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও যদি নিজস্ব পাকা বাড়ি থাকে।
  • পরিবারের কোনো সদস্যের নামে যদি টু-হুইলার (মোটরসাইকেল/স্কুটার), থ্রি-হুইলার বা ফোর-হুইলার (গাড়ি/ট্রাক্টর) থাকে।
  • তিন বা চার চাকার কোনো যান্ত্রিক কৃষি সরঞ্জাম বা পাওয়ার টিলার থাকলে।
  • আবেদনকারীর যদি ৫০,০০০ টাকা বা তার বেশি সীমার (Limit) সচল কিষাণ ক্রেডিট কার্ড (KCC) থাকে।
  • পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন (কেন্দ্রীয় বা রাজ্য সরকার) অথবা কোনো সরকারি অধীনস্থ সংস্থায় কর্মরত হন।
  • পরিবারের কোনো সদস্যের মাসিক আয় যদি ১০,০০০ টাকার বেশি হয় অথবা কেউ যদি আয়কর বা পেশাগত কর প্রদান করেন।
  • বাড়িতে রেফ্রিজারেটর (ফ্রিজ) অথবা ল্যান্ডলাইন ফোন সংযোগ থাকলে।
  • ৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি অথবা দুটি শস্য হয় এমন ল্যান্ডহোল্ডিং থাকলে।

আবাস যোজনার সুবিধা পেতে প্রয়োজনীয় নথিপত্র

সমীক্ষক দল যখন বাড়ি বাড়ি পরিদর্শনে আসবেন, তখন আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র জমা করতে হবে। যেমন:

  • পরিবারের সকল সদস্যের আধার কার্ড।
  • সচল ভোটার আইডি কার্ড।
  • আবেদনকারীর নামে থাকা সচল ব্যাংক পাসবুক।
  • বর্তমান ঠিকানার প্রমাণপত্র এবং মোবাইল নম্বর।
  • জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • জব কার্ড (১০০ দিনের কাজের সুবিধা নেওয়ার জন্য)।

কিভাবে নাম বাছাই হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুভাবে সমীক্ষা করা হবে, স্ব সমীক্ষা এবং সরকারি সমীক্ষক দ্বারা সমীক্ষা। গ্ৰাম পঞ্চায়েত স্তরে এই সার্ভে করা হবে। ব্লক এবং জেলা পরিষদে সমস্ত তথ্য ভেরিফিকেশন করা হবে। ২০ শে জুলাই এর মধ্যে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হবে। তারপরেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা জমা করা হবে।

আপনার নাম তালিকায় আছে কি না কীভাবে চেক করবেন?

যদি আপনার নাম আবাস যোজনার অপেক্ষার তালিকায় (PWL) থেকে থাকে, তবে আপনি অনলাইনের মাধ্যমে তা যাচাই করতে পারেন:

  • প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল পোর্টালে (pmayg.dord.gov.in) যান।
  • ‘Stakeholders’ অপশনে গিয়ে ‘IAY/PMAYG Beneficiary’ লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে সাবমিট করুন।
  • রেজিস্ট্রেশন নম্বর না থাকলে ‘Advanced Search’ অপশনে ক্লিক করে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিজের নাম খুঁজতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *