পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য অত্যন্ত সুখবর। দীর্ঘদিনের টালবাহানার পর, অবশেষে বাংলায় চালু হল আয়ুষ্মান ভারত কার্ড (আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা/AB-PMJAY)। নতুন রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে বাংলার লাখ লাখ দরিদ্র পরিবার সরাসরি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। আপনি কি এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য? এখানে আবেদন কিভাবে করতে হয়? আগের স্বাস্থ্য সাথী বনাম এই প্রকল্পে কি পার্থক্য? ইত্যাদি প্রশ্নের উত্তরই আজকের প্রতিবেদনে দেখে নেব।
গত চৌঠা মে ২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই দিল্লির বিজেপি দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে বাংলায় প্রথম ক্যাবিনেটের বৈঠকে আয়ুষ্মান ভারত চালু করা হবে। আর সেই কথা মতই এবার সিদ্ধান্ত নেওয়া হল। গত ১১ ই মে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলার দরিদ্র পরিবারগুলির জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
আয়ুষ্মান ভারত কার্ড সুবিধা
এই কার্ডের মাধ্যমে আপনি যে সমস্ত সুবিধা পাবেন তা নিচে দেওয়া হলো:
- দেশের ৩০ হাজারের বেশি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল গুলিতে প্রতিটি পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে।
- কোথাও হাতে হাতে কোনো ধরনের টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ক্যাশলেস চিকিৎসা পরিষেবা মিলবে।
- প্রাথমিক থেকে টারশিয়ারি কেয়ার, অর্থাৎ বড় অপারেশন, আইসিইউ এবং জটিল রোগের চিকিৎসাও এর অন্তর্ভুক্ত।
- আগে থেকে থাকা রোগ প্রথম দিন থেকেই এই স্কিমের অধীনে কভার করা হবে।
আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবে
আয়ুষ্মান ভারত কার্ড মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য। পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন, তাদের যোগ্যতা নিচে দেওয়া হল:
- এসইসিসি (SECC) ২০১১-এর তথ্য অনুযায়ী তালিকাভুক্ত গ্রামীণ দরিদ্র পরিবার, যেমন এক কামরার কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলি, যেসব পরিবারে ১৬-৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তফসিলি জাতি/তফসিলি উপজাতি পরিবার, যেসব পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য আছেন কিন্তু কোনো অপ্রতিবন্ধী প্রাপ্তবয়স্ক সদস্য নেই।
- শহরাঞ্চলের দরিদ্র পরিবার, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ভিক্ষুক।
- রাজ্যে প্রায় ৩ লক্ষ আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীও এই কভারেজ পাবেন।
- ৭০ বছরের বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক, আয় নির্বিশেষে, এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত কভার পাবেন।
আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে বানাবো?
আপনি যদি যোগ্য হন, তবে খুব সহজেই এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এখানে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়।
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন
- প্রথমে PMJAY-র অফিসিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ বা আয়ুষ্মান অ্যাপে যান।
- আপনার মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) দিয়ে লগইন করুন।
- আপনার রাজ্য (West Bengal) এবং স্কিম (PMJAY) নির্বাচন করুন।
- আধার নম্বর, রেশন কার্ড, বা নাম দিয়ে আপনার নাম তালিকায় আছে কিনা যাচাই করুন।
- আপনার নাম থাকলে, ‘Action’ বাটনে ক্লিক করে আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে eKYC সম্পূর্ণ করুন।
- কেওয়াইসি অনুমোদনের পর আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।
আয়ুষ্মান ভারত কার্ড ক্যাম্প
নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC) বা সরকার পরিচালিত ক্যাম্পের মাধ্যমেও আয়ুষ্মান কার্ডের জন্য নিবন্ধন করা যাবে।
আয়ুষ্মান ভারত কার্ড প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার জন্য নিচের নথিপত্রগুলো সাথে রাখা জরুরি:
- আধার কার্ড।
- রেশন কার্ড।
- আয়ের সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)।
- মোবাইল নম্বর (যা আধারের সাথে যুক্ত)।
- ব্যাংক পাস বুক।
আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্যসাথী
সম্প্রতি পশ্চিমবঙ্গে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমূল থেকেই রাজ্যের যোগ্য পরিবারগুলিকে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এখন স্বাস্থ্য সাথী পরিষেবা কি বন্ধ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। তাহলে আয়ুষ্মান ভারতে কি এমন কোনো সুবিধা পাওয়া যাবে না, যা স্বাস্থ্য সাথী কার্ডে পাওয়া যেত? এই নিয়ে প্রশ্ন অনেকের। চলুন দেখে নিই দুটি প্রকল্পের তফাৎ কি,
| বৈশিষ্ট্য | আয়ুষ্মান ভারত | স্বাস্থ্যসাথী |
| ফান্ড | কেন্দ্র ও রাজ্য (৬০:৪০ বা ৯০:১০) |
১০০% রাজ্য সরকার |
| কভারেজ | পরিবার প্রতি ৫ লক্ষ টাকা |
পরিবার প্রতি ৫ লক্ষ টাকা (কখনো বেশি) |
| পরিধি | সারা ভারত | মূলত পশ্চিমবঙ্গ |
| আওতা | তালিকাভুক্ত পরিবার (SECC) |
সর্বজনীন (প্রায় সব পরিবার) |
যোগাযোগ ও হেল্পলাইন
যেকোনো প্রয়োজনে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের টোল-ফ্রি নম্বর ১৪৫৫৫ বা ১৮০০-১১০-৭৭০ নম্বরে কল করতে পারেন।