পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অভিনব সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে সরকারি সমস্ত বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। বাসে করে যত দূরেই যান না কেন, কোনরকম ভাড়া দিতে হবে না। সরকারের নোটিফিকেশন অনুযায়ী, ১ জুন থেকেই রাজ্য জুড়ে এই সুবিধা চালু হচ্ছে। তবে এজন্য মহিলাদের একটি বিশেষ কার্ড দেখাতে হবে। কোথায় পাবেন সেই কার্ড? কিভাবে আবেদন করবেন? আপনিও কি করাতে পারবেন? আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্প পত্রে জানিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে, তবে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা দেবে। যেমন কথা তেমনি কাজ। নতুন সরকার গঠন করেই মহিলাদের জন্য এই বিশেষ সুবিধা চালু করলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন ২০২৬ থেকে রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মহিলাদের জন্য এই বিশেষ সুবিধা চালু হচ্ছে।
কারা পাবেন বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের সুবিধা?
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলারাই এই সুবিধার আওতায় আসবেন। এখানে কোনো বয়স বা আয়ের ঊর্ধ্বসীমা বা অন্যান্য শর্ত রাখা হয়নি।
কোন কোন বাসে এই সুবিধা পাওয়া যাবে?
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিচালিত সমস্ত বাসে (State-run buses) এই সুবিধা প্রযোজ্য হবে। রাজ্যের যেকোনো প্রান্তে চলা স্বল্প দূরত্বের (Short route) এবং দূরপাল্লার (Long route) সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
বিনামূল্যে যাতায়াতের জন্য লাগবে এই কার্ড
সরকারি ঘোষণা অনুযায়ী, মহিলাদের এই সুবিধা পাওয়ার জন্য একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। এই স্মার্ট কার্ডে সুবিধাভোগী মহিলার নাম, ছবি এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ থাকবে। সাথে থাকবে একটি কিউ আর কোড। বাসে ভ্রমণের সময় কন্ডাক্টর এই কার্ডের কিউআর কোড স্ক্যান করে বা যাচাই করে ‘জিরো ভ্যালু টিকিট’ ইস্যু করবেন, যে টিকিটে ভাড়ার জায়গায় “০” লেখা থাকবে অর্থাৎ কোন ভাড়া লাগবে না।
স্মার্ট কার্ডের জন্য কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
স্মার্ট কার্ড পাওয়ার জন্য আগ্রহী মহিলাদের অফলাইনে আবেদন জানাতে হবে।
- এজন্য আপনার এলাকার এক্তিয়ারভুক্ত বিডিও (BDO – Block Development Office) অথবা এসডিও (SDO – Sub-Divisional Office) অফিসে যান।
- উল্লেখিত সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম নিন।
- নিজের হাতে সঠিক ভাবে ফর্মটি পূরণ করুন।
- নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের যে কোন একটির সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি সংযুক্ত করুন।
- আবেদন জমা করে দিন।
আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে?
বিজ্ঞপ্তিতে ১১টি নির্দিষ্ট নথির তালিকা দেওয়া হয়েছে। স্মার্ট কার্ডের আবেদন করার সময় মহিলার সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং নিচের যেকোনো একটি বৈধ পরিচয়পত্র বা সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে:

১. আধার কার্ড।
২. ভোটার আইডি কার্ড।
৩. গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড।
৪. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড।
৫. ড্রাইভিং লাইসেন্স।
৬. প্যান কার্ড।
৭. ভারতীয় পাসপোর্ট।
৮. ছবি সহ পেনশনের নথি।
৯. কেন্দ্রীয়/রাজ্য সরকার/PSU/পাবলিক লিমিটেড কোম্পানির দেওয়া ছবি সহ সার্ভিস আইডি কার্ড।
১০. স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিশিয়াল আইডি কার্ড।
১১. পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত অন্য যেকোনো বৈধ পরিচয়পত্র।
স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত কীভাবে যাতায়াত করবেন?
সরকারি নোটিফিকেশনে জানানো হয়েছে, যতদিন না মহিলারা ডিজিটাল স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন, ততদিন পর্যন্ত তারা ওপরে উল্লেখিত যেকোনো পরিচয়পত্র বাসের অন-ডিউটি কন্ডাক্টরকে দেখিয়ে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।