পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। রাজ্যের চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বিরাট বদল আনল নতুন সরকার। মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের স্বার্থে একগুচ্ছ মানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সরকারি চাকরির ফর্ম ফিলাপ বিনামূল্যে। সেই সঙ্গে ইন্টারভিউতেও নম্বর কমবে। এছাড়াও আরো অনেক নতুন নিয়ম জারি হচ্ছে। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এতদিন যে অন্ধকার যুগ চলেছে তা এবার দূর করতে তৎপর নতুন সরকার। বিভিন্ন দপ্তরে যত শীঘ্র সম্ভব শূন্যপদ পূরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রচেষ্টাতেই মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় বদল আনতে নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য চাকরিপ্রার্থীদের আর কোনো আবেদন ফি বা ফর্ম ফিলাপের টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ফর্ম ফিলাপ। এতে তাদের অনেকটাই আর্থিক সহায়তা হবে বলে সরকারের মত। বারবার গাদা টাকা খরচা করে ফর্ম ফিলাপ করতে হবে না।
ইন্টারভিউয়ের নম্বর কমছে, স্বচ্ছতায় জোর
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউ বা ভাইভা (Viva) প্রক্রিয়াতেও বড়সড় বদল আনছে রাজ্য সরকার। আগে যেখানে ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর ধার্য থাকত, নতুন নিয়ম অনুযায়ী তা কমিয়ে ৫ নম্বর করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো, লিখিত পরীক্ষার মেধার ভিত্তিতে যাতে যোগ্য প্রার্থীরা চাকরি পান এবং ইন্টারভিউয়ের নামে কোনো রকম পক্ষপাতিত্ব বা স্বজনপোষণ না হতে পারে।
১০০% শূন্যপদ পূরণ, পড়ে থাকবে না কোনো পোস্ট
রাজ্যের বেকারত্ব দূরীকরণে আরও একটি বড় ঘোষণা করেছে বর্তমান সরকার। রাজ্যের সমস্ত সরকারি দফতরে যত শূন্যপদ রয়েছে, তার ১০০% লোক নেওয়া হবে। কোনো শূন্যপদই আর ফেলে রাখা বা আটকে রাখা হবে না। দ্রুততার সঙ্গে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নতুন রোডম্যাপ তৈরি করছে প্রশাসন।
চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির হাওয়া
বিগত কয়েক বছরে রাজ্যে নিয়োগ সংক্রান্ত একাধিক জটিলতা তৈরি হয়েছিল। সেই আবহে নতুন সরকারের এই বড় পরিবর্তন স্বাভাবিকভাবেই রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটিয়েছে। খুব শীঘ্রই এই নতুন নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।