উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মারফত উচ্চমাধ্যমিক রেজাল্ট 2026 প্রকাশ করা হয়েছে। তবে অনেক ছাত্রছাত্রীরাই রেজাল্টে প্রাপ্ত নম্বরে খুশি নন। তাদের ধারণা তাদের পরীক্ষা আরো ভালো হয়েছিল, তাহলে নম্বর কেন কাটা গেল? চিন্তা নেই। ২০২৬ এর উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির আবেদন শুরু হচ্ছে। যারা যারা বেশি নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু নম্বর কম এসেছে, তারা সহজেই তা বাড়িয়ে নিতে পারবেন। এজন্য সংসদের নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিভাবে করবেন, সেটাই ধাপে ধাপে নিচে জেনে নেব।
| পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
| পরীক্ষার তারিখ |
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্ট প্রকাশ | ১৪ মে তারিখ। |
| রিভিউ ও স্ক্রুটিনির শুরু | ১৫ মে ২০২৬। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| নিয়মাবলী | নীচে দেওয়া হল। |
উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি কারা করাতে পারবেন?
আবেদন করার আগে শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- কেবলমাত্র যারা এ বছর উচ্চমাধ্যমিকের পুরনো সিলেবাস বা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন তারাই এই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন।
- স্ক্রুটিনি (PPS) সব বিষয়ে করা সম্ভব হলেও, রিভিউ (PPR) করা যাবে সর্বোচ্চ দুটি বিষয়ে।
- কোন পরীক্ষার্থী যদি পরীক্ষায় পাশ করে থাকে তবেই তার রিভিউ আবেদন গ্রহণ করা হবে। অন্যদিকে পাশ ফেল উভয় পরীক্ষার্থীরাই স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারে।
- রিভিউ (PPR) করার জন্য প্রার্থী যে বিষয়ের রিভিউ আবেদন করছে, তার তুলনায় অন্য যে কোনো তিনটি বিষয়ে উচ্চতর গ্রেড পেয়ে থাকতে হবে।
- একই বিষয়ে রিভিউ ও স্ক্রুটিনি আবেদন করা যাবে না।
উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি আবেদন পদ্ধতি
আবেদন শুধুমাত্র অনলাইন মোডেই গ্রহণ করা হবে, অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণযোগ্য নয়।

- আবেদনকারীকে প্রথমে সংসদের নির্দিষ্ট স্টুডেন্ট পোর্টালে (https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- ফর্ম পূরণের সময় প্রার্থীর রোল নম্বর (Roll No.) এবং মার্কশিট নম্বর (Mark Sheet No.) প্রদান করতে হবে।
- আবেদন করার সময় প্রার্থীকে একটি অঙ্গীকারনামা দিতে হবে যে, PPS/PPR রেজাল্ট প্রকাশের আগে তিনি যদি RTI আইনের অধীনে উত্তরপত্রের কপির জন্য আবেদন করেন, তবে তার PPS/PPR আবেদনটি আর প্রসেস করা হবে না।
আবেদন ফি
আবেদনের ধরণ অনুযায়ী ফি-এর পরিমাণ ভিন্ন:
| Type | Fee |
| সাধারণ স্ক্রুটিনি (Normal PPS) |
প্রতি বিষয় ১৫০ টাকা। |
| সাধারণ রিভিউ (Normal PPR) |
প্রতি বিষয় ২০০ টাকা। |
| তৎকাল স্ক্রুটিনি (Tatkal PPS |
প্রতি বিষয় ৬০০ টাকা। |
| তৎকাল রিভিউ (Tatkal PPR) |
প্রতি বিষয় ৮০০ টাকা। |
গুরুত্বপূর্ণ সময়সীমা
- সাধারণ PPS/PPR আবেদন: ১৫.০৫.২০২৬ (রাত ১২:০১ মিনিট) থেকে ২৮.০৫.২০২৬ (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত।
- তৎকাল PPS/PPR আবেদন: ১৫.০৫.২০২৬ (রাত ১২:০১ মিনিট) থেকে ১৭.০৫.২০২৬ (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত।
- ফলাফল ঘোষণা: সাধারণ আবেদনের ফল ১ মাসের মধ্যে এবং তৎকাল আবেদনের ফল আবেদন জমা দেওয়ার ৮ দিনের মধ্যে প্রকাশিত হবে।
রিভিউ বা স্ক্রুটিনি করলে কি নম্বর কমে যেতে পারে?
প্রতিবছরই রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করা ছাত্রছাত্রীদের মনে একটাই ভয় কাজ করে, নম্বর বাড়ার বদলে যদি উল্টে কমে যায়? স্ক্রুটিনির ক্ষেত্রে নম্বর কমার সম্ভাবনা কম। কিন্তু রিভিউয়ের ক্ষেত্রে যদি পরীক্ষক দেখেন আপনাকে ভুল করে কোন উত্তরের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে নম্বর কমিয়ে সঠিক নম্বর দেওয়া হতে পারে।