সমস্ত পড়ুয়াদের জন্য ‘আপার আইডি’ বাধ্যতামূলক , জানুন কিভাবে বানাবেন


রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের ‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ (One Nation, One Student ID) উদ্যোগের অংশ হিসেবে রাজ্যজুড়ে সমস্ত পড়ুয়াদের জন্য ‘আপার আইডি’ বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (Paschim Banga Samagra Shiksha Mission – PBSSM)-এর পক্ষ থেকে ইতিমধ্যেই এই আইডি চালু করা নিয়ে বিভিন্ন জেলার ডিআই দের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কি এই APAAR ID? কিভাবে করবেন? না করলে কি ক্ষতি হবে?

কেন্দ্রীয় সরকার মারফত ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ এর আওতায় অনেক আগেই APAAR ID চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন এই আইডি বাধ্যতামূলক না করা হলেও এবারে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াকে তা অবিলম্বে তৈরি করতে বলা হয়েছে।

APAAR ID কি?

‘APAAR ID’ বা Automated Permanent Academic Account Registry হলো ১২ ডিজিটের একটি ইউনিক আইডি যার মাধ্যমে আধার কার্ডের মতই শিক্ষার্থীর সমস্ত অ্যাকাডেমিক রেকর্ড, স্কলারশিপ ও অন্যান্য তথ্য বায়োমেট্রিকের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ভারতের শিক্ষা মন্ত্রক দেশের সমস্ত শিক্ষার্থীর একাডেমিক নথি বা রেকর্ডকে একই ছাতার তলায় আনতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং কর্মজীবন পর্যন্ত একজন পড়ুয়ার এই ১২ সংখ্যার আইডেন্টিটি নম্বরটি অপরিবর্তিত থাকবে। ছাত্র-ছাত্রীদের মার্কশিট, সার্টিফিকেট, Transfer Certificate, এবং বিভিন্ন একাডেমিক রেকর্ড এই নম্বরের সঙ্গে যুক্ত থাকবে।

কেন এই ‘আপার আইডি’ জরুরি?

১. এক স্কুল থেকে অন্য স্কুলে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভর্তি হওয়ার সময় গাদা গাদা ডকুমেন্টের প্রয়োজন পড়বে না বা তাতে অযথা সময় নষ্ট হবে না।
২. সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকবে, ফলে জাল বা ভুয়া রেজাল্ট ও সার্টিফিকেটের ঝামেলা দূর হবে।
৩. সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করা এবং কলেজের কেন্দ্রীয় পোর্টালে সরাসরি তথ্য যাচাই করা সহজ হবে।
৪. সমস্ত ডিগ্রি ও মার্কশিট ডিজিলকার অ্যাপের মাধ্যমে সংরক্ষিত থাকায় যে কোনো সময় তা এক ক্লিকেই অ্যাক্সেস করা সম্ভব হবে।

কীভাবে তৈরি করবেন এই APAAR ID?

সমগ্র শিক্ষা মিশন জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলকে UDISE+ পোর্টালে রেজিস্ট্রেশন করানো শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের আপার আইডি বানানোর জন্য,

  • নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রথমে UDISE+ পোর্টালে লগ-ইন করতে হবে।
  • পোর্টালের ‘Student Module’-এ গিয়ে পড়ুয়াদের আধার নম্বর এবং ব্যক্তিগত তথ্য যাচাই করতে হবে।
  • আধার ডাটাবেসের সাহায্যে পড়ুয়ার তথ্য ব্যবহারের জন্য অভিভাবকের থেকে সম্মতি নেওয়া হতে পারে।
  • ডেটা সঠিক থাকলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ১২ সংখ্যার APAAR ID তৈরি হয়ে যাবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী স্কলারশিপ দিচ্ছে মাধ্যমিক পাসে ১০ হাজার টাকা, আবেদন চলছে

কোনো সমস্যা হলে যোগাযোগের মাধ্যম

যদি ইউডাইস প্লাস পোর্টালে APAAR ID তৈরির সময় স্কুল কর্তৃপক্ষ কোনো রকম কারিগরি সমস্যার মুখোমুখি হন, তবে অবিলম্বে নির্দিষ্ট অফিসে (State Project Office, PBSSM) যোগাযোগ করার কথা বলা হয়েছে।

  • ঠিকানা: বিকাশ ভবন (দ্বিতীয় তল), সল্টলেক, কলকাতা – ৭০০ ০৯১
  • ইমেল আইডি: [email protected]
  • ফোন নম্বর: 033 2321 1294

গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *