পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu Scheme) প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারের নির্দেশনায় জেলায় জেলায় কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়েছে। সঠিক ও প্রকৃত কৃষকদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে এবং প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিংবা নতুন করে আবেদন করেছেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কি কি নথিপত্র লাগবে? কোথায় ও কিভাবে ভেরিফিকেশন করবেন? জেনে নিন।
পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্প কৃষকদের কল্যাণের জন্য ২০১৯ সালে চালু করা হয়। ১ একর বা তার বেশি জমিতে চাষের জন্য বছরে সর্বাধিক ১০,০০০ টাকা (খারিফ ও রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে) এবং ১ একরের কম জমির জন্য আনুপাতিক হারে ন্যূনতম ৪,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুতে পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়।
তবে অনেকের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বা অবৈধ উপায়ে টাকা পাওয়ার অভিযোগ উঠেছে। এই কারণেই একদম বেস লেভেলে ভেরিফিকেশনের মাধ্যমে সেইসব অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্যদের সুবিধা দেওয়া হবে।
কোথায় করবেন কৃষক বন্ধু ভেরিফিকেশন?
ক্যাম্পের মাধ্যমে
রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হচ্ছে। ব্লক কৃষি বিভাগের সহযোগিতায় এই ক্যাম্পগুলিতে কৃষি আধিকারিকরা সরাসরি উপস্থিত থেকে কৃষকদের প্রয়োজনীয় নথি সংগ্রহ ও যাচাই করছেন।
বাংলা সহায়তা কেন্দ্র মারফত
এছাড়াও যদি আপনার এলাকায় ক্যাম্পের তারিখ মিস হয়ে যায় বা শিবির সম্পর্কিত তথ্য জানা না থাকে, তবে আপনি সরাসরি আপনার নিকটবর্তী ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (ADA Office) অথবা বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের সময়ে নির্দিষ্ট কিছু নথিপত্রের জেরক্স কপি এবং মূল কপি সঙ্গে রাখতে হবে,
- উপভোক্তার বৈধ আধার কার্ডের মূল ও জেরক্স কপি।
- আবেদনকারী কৃষকের ভোটার কার্ড।
- জমির পর্চা
- কৃষক বন্ধু প্রকল্প শুরুর সময়ের বা ২০১৯ সালের জমির তথ্য।
- জমির বর্তমান খতিয়ান ও দাগ নম্বর সম্বলিত হালনাগাদ পর্চা।
- উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার স্পষ্ট জেরক্স কপি
- SIR স্ট্যাটাস নথি
- আধার যুক্ত সক্রিয় মোবাইল নম্বর।
আরও পড়ুনঃ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প
কিভাবে কৃষক বন্ধু ভেরিফিকেশন করবেন?
- প্রথমে নির্ধারিত কেন্দ্র থেকে ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ করুন।
- আপনার নাম, খতিয়ান নম্বর, আধার নম্বর পূরণ করুন।
- পূরণ করা ফর্মের সঙ্গে উপরে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি যুক্ত করুন।
- আধিকারিকরা আপনার জমা দেওয়া নথির তথ্য সরকারি কর্মকর্তা ‘বাংলারভূমি’ পোর্টালের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখবেন।
- আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর যুক্ত রয়েছে কি না এবং আধার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে কি না তা পরীক্ষা করা হবে।
- যাচাইকরণ প্রক্রিয়া সফল হলে আধিকারিকের কাছ থেকে অ্যাকনলেজমেন্ট রসিদ পাবেন।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন