পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গত মে মাসেই একটি ঘোষণা মারফত তিনি জানান যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রায় ৬৫০০ এর বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবার তালিকায় যুক্ত হল আরো ৫ হাজার শূন্যপদ। বৃহস্পতিবার কলকাতার মৃত্তিকা ভবনে আয়োজিত একটি হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে তিনি মোট ১১ হাজার শূন্যপদে গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন। রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সুযোগ সোনায় সোহাগা।
এদিন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, গ্রামীণ প্রশাসন ও পঞ্চায়েত স্তরে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বিরাট পদক্ষেপ নিয়েছে। আগামী জুন মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রায় ১১০০ গ্রাম পঞ্চায়েত কর্মীকে একযোগে বদলি করা হতে চলেছে। সেই সঙ্গে তিনি এও জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত গুলিতে ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। অর্থাৎ আগেই কথা ছিল ৬৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগের, এখন তা বেড়ে ১১ হাজারে গেল।
জুন মাসেই পঞ্চায়েত কর্মীদের বদলি, কিন্তু কাদের?
দিলীপ ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এক পদে এবং একই জায়গায় কর্মীরা থাকার ফলে তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কারণেই এবার তাদের অন্যত্র বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, যে সব পঞ্চায়েত কর্মী গত ৩ বছর বা তার বেশি সময় ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন, তাঁদের অবিলম্বে বদলি করতে হবে।
পঞ্চায়েতে নিয়মিত নিয়মিত অডিট হবে
পঞ্চায়েত কর্মীদের বদলির পাশাপাশি আর্থিক লেনদেনেও স্বচ্ছতা আনতে কড়া ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, এতদিন পঞ্চায়েত স্তরে অডিট বা আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা অত্যন্ত অনিয়মিত ছিল। এবার থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়মিত অডিট করা বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে রাজ্য এবং কেন্দ্রের বরাদ্দের প্রতিটি টাকার সঠিক হিসাব থাকবে এবং দুর্নীতিতে লাগাম টানা সম্ভব হবে।
মোট ১১,১৫৪টি শূন্যপদের কোথায় কত?
রাজ্য সরকারের আপডেট অনুযায়ী, বর্তমানে বিভিন্ন পঞ্চায়েতে মোট ১১,১৫৪টি পদ খালি পড়ে আছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোথায় কটি শূন্যপদ আছে তাও পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। সেই হিসাব নিচের টেবিলে দেখানো হলো।
| পঞ্চায়েতের স্তর | শূন্যপদের সংখ্যা |
| গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) | ৯,৯৩৬টি |
| পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti) | ৬৬০টি |
| জেলা বা মহকুমা স্তর (Zilla / Mahakuma Parishad) | ৫৫৮টি |
কবে নিয়োগ শুরু হবে?
গত মে মাসেই ৬৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। বর্তমানে সেই সংখ্যা আপডেট করে মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই পদগুলির জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেই বিষয়ে এখনো অফিসিয়াল কোন আপডেট মেলেনি। তবে সরকারি তরফে এই নিয়ে কোন খবর এলেই তার দ্রুত এখানে জানানো হবে।