পশ্চিমবঙ্গে বাড়ল স্কুলের গরমের ছুটি, ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি, জানুন বিস্তারিত

স্কুলপড়ুয়াদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে বাড়ল স্কুলের গরমের ছুটি। ১৩ মে শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মে থেকে ছুটি শুরু হয়েছিল। ১৭ মে পর্যন্ত চলার কথা ছিল। এখন নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত স্কুলগুলো আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এবছর মে মাসের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে। গরমের দাপট এখনই কমার কোনো সম্ভাবনা নেই। বরং অনেক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছোট্ট পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মূলত ডিহাইড্রেশন, সানস্ট্রোক এবং অতিরিক্ত গরমজনিত অসুস্থতা এড়াতেই এই পদক্ষেপ।

WB Summer Vacation 2026

বিগত বছরের ট্রেন্ড দেখলে বোঝা যায় পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রাথমিকভাবে গরমের ছুটির মেয়াদ কম দেওয়া হয়। কিন্তু পরে পরিস্থিতি সাপেক্ষে তা বাড়ানো হয়ে থাকে। ২০২৫ এ প্রাথমিক ছুটি ছিল ১২ মে থেকে ২৩ মে। পরে বাড়িয়ে তা ১ জুন পর্যন্ত করা হয়েছিল। ২০২৬ এ প্রাথমিক ঘোষণা অনুযায়ী ছুটি স্থির ছিল ১১ থেকে ১৭ মে। সম্প্রতি এবছরও ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত টানা হয়েছে।

কবে খুলবে স্কুল?

আগের ঘোষণা অনুযায়ী, এবছর ১৭ মে পর্যন্ত ছুটি কাটিয়ে ১৮ মে ফের খোলার কথা ছিল স্কুলগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ১ জুন থেকে স্কুলে ফের ক্লাস শুরু হবে। তবে পাহাড়ি এলাকায় স্কুলগুলোতে এই নিয়ম লাগু হবে না , জানিয়েছে শিক্ষা দপ্তর। রাজ্যের অন্যান্য সব প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *